Wednesday, August 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারত থেকে বেনাপোল দিয়ে এলো ৫২ টন কাঁচামরিচ

কাচাঁমরিচের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ভারত থেকে আমদানি শুরু হয়েছে

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১১:২৬ এএম

সারাদেশে কাচাঁমরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। দুইদিনে ভারত থেকে বেনাপোল দিয়ে ৫২ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। 

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে তিনটি ভারতীয় ট্রাকে ৪২,২২০ কেজি এবং গত সোমবার রাত ৮টার দিকে ৯,২০০ কেজি কাঁচামরিচ বন্দরে প্রবেশ করে। অর্থাৎ দুইদিনে ভারত থেকে প্রায় ৫২ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। 

বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর পরই আমদানি করা কাঁচামরিচের চালানগুলো দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। এ চালানের আমদানিকারক প্রতিষ্ঠান হলো শিমু এন্টারপ্রাইজ এবং বন্দর থেকে খালাস কার্যক্রমে সহযোগিতা করছেন সি অ্যান্ড এফ এজেন্ট শিমু শিপিং লাইন্স। 

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাসের ব্যবস্থা করা হয়। সীমান্তের ওপারে আরও কাঁচামরিচবাহী অনেকগুলো ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। যা কয়েকদিনের মধ্যে বেনাপোল বন্দরের ঢোকার কথা রয়েছে। 

মরিচ আমদানিকারক রফিকুল ইসলাম জানান, ভারত থেকে ৩০৫ ডলারে প্রতি টন কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি কাঁচামরিচ আমদানিতে খরচ হয়েছে প্রায় ১৩৫ টাকা। সামান্য লাভ রেখে বাজারে বিক্রি করা হবে। আমদানি বাড়লে বাজারে মরিচের দাম কমে আসবে। তবে কাস্টমসের হয়রানি ও পণ্য ছাড়করণে জটিলতার কারণে রাজস্ব বেশি গুনতে হচ্ছে। এতে আমদানিকারকরা লোকসানের মুখে পড়ছেন এবং আমদানি খরচ বেড়ে যাচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, সরকারের অনুমতি পাওয়ার পর ভারতের বিভিন্ন প্রদেশ, বিশেষ করে নাসিক থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম ধাপে ৬৯ জন ব্যবসায়ী মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচামরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন এবং সোমবার থেকেই আমদানি কার্যক্রম শুরু হয়েছে। 

এদিকে, বেনাপোল বন্দরের কাঁচাবাজারে সোমবার প্রতিকেজি কাঁচামরিচ ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেলেও বর্তমানে দাম কমে বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকায়। বিক্রেতাদের আশা, আমদানি বাড়লে বাজারে দাম আরও কমে আসবে।

   

About

Popular Links

x