বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সীমিত করল মালয়েশিয়া

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন ব্যবস্থায় বাংলাদেশি পর্যটকদের ক্ষেত্রে সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসাই প্রযোজ্য হবে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে সব দেশের নাগরিককে ঢালাওভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে না।

এর ফলে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় মালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ কমে যাবে। মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে বাংলাদেশিসহ নির্দিষ্ট দেশগুলোর পর্যটকদের সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে।

তবে নির্দিষ্ট কিছু ভ্রমণ উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ থাকছে। এর মধ্যে রয়েছে ব্যবসা, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ এবং ওয়েডিং ট্যুরিজম।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নীতিটি মূলত ভিজিট ভিসা বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তবে এই সিদ্ধান্তের সঙ্গে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট কিংবা কর্মসংস্থানসংক্রান্ত ভিসার সরাসরি কোনো সম্পর্ক নেই।

নতুন ব্যবস্থায় কোন কোন দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করে সিঙ্গেল এন্ট্রি ভিসা করা হয়েছে, সে তালিকাও প্রকাশ করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।