ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে বাস ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মুহুরীগঞ্জ দৌলতপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে পুরাতন মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফালিলপুর হাইওয়ে থানার একটি মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাভার্ডভ্যানের চালক, সহকারী ও বাসের চালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত তিনজনের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন হেফাজতে নেয়। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ফালিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।