ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নাজিমোল্লাহ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর বাজারসংলগ্ন নাসিরনগর-সরাইল-লাখাই আঞ্চলিক মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িশ্বর গ্রামের আব্দুল আউয়াল মিয়া ও ফজু মিয়ার গোষ্ঠীর মধ্যে পুকুরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার বিকেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে আব্দুল আউয়াল মিয়া পক্ষের নাজিমোল্লাহ টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে আব্দুল আউয়াল মিয়া, রহিছ মিয়া, তাউস মিয়া ও কালন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নাজিমোল্লাহ নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ফজু মিয়ার পক্ষের লোকজন বাড়িঘর ছেড়ে চলে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। এ কারণে ওই পক্ষের আহত বা সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।