ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

রাজবাড়ীর পাংশা বাজারে একটি বসতবাড়ির রান্নাঘরের পাশে থাকা ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। এই আগুনে পুড়ে ছাই হয়েছে বাজারের পাঁচটি দোকান।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শহরের বারেক মোড় এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বসতবাড়ির রান্নাঘরের পাশে রাখা পাটকাঠির গাদায় আগুন দিয়ে ভিমরুলের বাসা পোড়ানো হচ্ছিল। এ সময় সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে বাজারের পাঁচটি দোকানে।

অগ্নিকাণ্ডে পাংশা বণিক সমিতির সভাপতির দুটি দোকান এবং কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পালের একটি দোকানসহ মোট পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

পাংশা বণিক সমিতির সভাপতি বাহারাম সরদার বলেন, “বাজারের পাশের বসতবাড়ি থেকে ছড়িয়ে পড়া আগুনে আমার দুটি দোকানসহ আরও তিনটি দোকান পুড়ে গেছে, যাতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।“

ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পাল জানান, জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার তার দোকান বন্ধ ছিল বলে তিনি সেখানে ছিলেন না। মালামাল কেনার জন্য দোকানে প্রায় পাঁচ লাখ টাকা নগদ রাখা ছিল, যা আগুনে দোকানের অন্যান্য মালামালের সঙ্গে পুড়ে যায়।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক সোহেল রানা বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পাংশা ও কালুখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।“