বিএসএফের গুলিতে আহত মোশাররফ হাসপাতাল থেকে নিখোঁজ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত কৃষক মো. মোশাররফ (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছেন। 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ৫ নম্বর শয্যায় তাকে পাওয়া যাচ্ছে না। ওই শয্যায় পড়ে রয়েছে দুটি এক্স-রে ফিল্ম ও কিছু ওষুধের প্যাকেট। 

তবে, হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে বলতে পারেনি, তিনি কখন বা কীভাবে হাসপাতাল থেকে বের হয়েছেন। 

মোশাররফ ছাগলনাইয়া উপজেলার পূর্ব জয়নগর এলাকার বাসিন্দা। শুক্রবার বিকেলে সীমান্তসংলগ্ন নিজের কৃষিজমিতে কাজ করার সময় বিএসএফের গুলিতে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। 

চিকিৎসকরা জানিয়েছেন, মোশাররফের শরীরে আনুমানিক ৮০ থেকে ১০০টি ছররা গুলি রয়েছে। তার শরীর থেকে কিছু গুলির অংশ বের করা হলেও আরও কিছু অংশ ভেতরে রয়েছে বলে জানা গেছে। 

হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাতে তাকে ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করে ৫ নম্বর শয্যায় রাখা হয়। শনিবার সকালে চিকিৎসকেরা তাকে দেখেন। এরপর দুপুরের দিকে শয্যায় তাকে আর পাওয়া যায়নি। 

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, ‘‘চিকিৎসক ও নার্সরা দুপুর পর্যন্ত তাকে চিকিৎসা দিয়েছেন। পরে তাকে শয্যায় না পেয়ে বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।’’ 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, মোশাররফকে হাসপাতালে না পাওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন। কাউকে না জানিয়ে তিনি কেন হাসপাতাল থেকে চলে গেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সীমান্তে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন একজন রোগী কীভাবে হাসপাতাল থেকে নিখোঁজ হলেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।