শনিরআখড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, অস্ত্র-গুলিসহ আটক ১

রাজধানীর শনির আখড়ায় দোকানে ঢুকে গুলি করা হয়েছে আসলাম খান (৩৮) নামের এক ব্যবসায়ীকে। ঘটনার পরপরই পালানোর চেষ্টাকালে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। তার কাছ থেকে একটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শনিরআখড়ার জিয়া সরণি রোডে এ ঘটনা ঘটে। এলাকাটি কদমতলী থানার আওতাধীন।

গুলিবিদ্ধ আসলাম খানকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলেও পরে অবস্থার গুরুত্ব বিবেচনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর চাচাতো ভাই মো. মিরাজ খান জানান, জিয়া সরণি রোডে আসলামের একটি ক্রোকারিজের দোকান আছে। রাত ৮টার দিকে দোকানে এক ক্রেতার সঙ্গে কথা বলার সময় হঠাৎ এক অজ্ঞাত ব্যক্তি দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি তার বাঁ হাত ও ডান গালে লাগে। খবর পেয়ে স্বজনেরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। এদিকে গুলি করে পালানোর সময় স্থানীয়রা অভিযুক্তকে ধরে ফেলেন। তবে কী কারণে এই হামলা, তা এখনো জানাতে পারেননি পরিবারের সদস্যরা।

কদমতলী থানার ওসি (তদন্ত) সজিব কুমার বাড়ৈই বিষয়টি নিশ্চিত করে বলেন, “জিয়া সরণি রোডে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”