রান্নাঘরে বিপুল ককটেল, একসঙ্গে বিস্ফোরণে গুরুতর আহত গৃহবধূ
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
শরীয়তপুরের জাজিরায় একটি বসতবাড়ির রান্নাঘরে আগে থেকে মজুত করে রাখা বিপুলসংখ্যক ককটেল একসঙ্গে বিস্ফোরিত হয়েছে। ভয়াবহ এই বিস্ফোরণে উড়ে গেছে রান্নাঘরের টিনের চালা ও বেড়া, ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের দুটি বসতঘরও। ঘটনায় গুরুতর আহত হয়েছেন রোকেয়া বেগম (৪০) নামের এক গৃহবধূ। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে রান্নার কাজে রান্নাঘরে ঢোকেন রোকেয়া। এ সময় হঠাৎ করেই সেখানে আগে থেকে মজুত রাখা বিপুলসংখ্যক ককটেল একযোগে বিস্ফোরিত হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক।
বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরের টিনের চালা ও বেড়া ছিটকে গিয়ে পড়ে পাশের বাঁশবাগানে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় প্রতিবেশী সামাদ ছৈয়াল ও হাকিম ছৈয়ালের দুটি বসতঘরও।
গুরুতর আহত রোকেয়াকে প্রথমে স্থানীয়রা উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, রোকেয়া বেগমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এবং তার শরীরে বিস্ফোরণের গুরুতর আঘাতের চিহ্ন ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং প্রাথমিকভাবে সেখানে বিপুল পরিমাণ ককটেল মজুত থাকার তথ্য পাওয়া যায়। বিস্ফোরণে রান্নাঘরের চালা উড়ে গেছে এবং একজন আহত হয়েছেন। কীভাবে এই বিস্ফোরণ ঘটল এবং কারা এসব ককটেল মজুত করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”