Sunday, September 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাচ-গান, ভাঙচুর, এরপর টোলের টাকা নদীতে—পুলিশ সদস্যকে প্রত্যাহার

এই ঘটনার তদন্তে গঠন করা হয়েছে দুই সদস্যের একটি কমিটি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পিএম

মদ্যপ অবস্থায় খেয়াঘাটে ভাঙচুর চালানো, টোলের টাকা নদীতে ফেলে দেওয়া এবং প্রকাশ্যে নেচে-গেয়ে মাতলামি করার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সদর নৌ থানার এএসআই মান্নানের বিরুদ্ধে। এরই মধ্যে ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। ভিডিওটি নজরে আসার পরপরই তাকে থানা থেকে সরিয়ে সংযুক্ত করা হয়েছে পুলিশ লাইনে, পাশাপাশি ঘটনার তদন্তে গঠন করা হয়েছে দুই সদস্যের একটি কমিটি। যদিও পুলিশ প্রশাসনের ভাষ্য, দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুগছেন এএসআই মান্নান এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যায়, নারায়ণগঞ্জ শহরের পাঁচ নম্বর খেয়াঘাট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মাতলামি শুরু করে নাচ-গান জুড়ে দেন এএসআই মান্নান। এ দৃশ্য দেখে আশপাশে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা, চলতে থাকে নানা মন্তব্য-আলোচনা। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে শনিবার তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়। তদন্ত কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান প্রধান এবং এসআই ফারুক আহমেদ পাটোয়ারীকে।

পরিচয় গোপন রাখার শর্তে নারায়ণগঞ্জ সদর নৌ থানার এক কর্মকর্তা বলেন, “মানসিক রোগে আক্রান্ত এএসআই মান্নান বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। মাত্র ২০ দিন আগেই তিনি এই থানায় যোগ দেন, তার আগে কর্মরত ছিলেন র‍্যাব-৩ এ।”

এ বিষয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, “পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি মাদকাসক্ত অবস্থায় ছিলেন নাকি মানসিক অসুস্থতাজনিত কারণে এমন আচরণ করেছেন, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।”

   

About

Popular Links

x