গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছে। তবে তিনি নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
জানা যায়, রবিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা নামক স্থানে খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা খাদে পড়ে যায়। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসসহ থানা-পুলিশ উদ্ধার কাজ পরিচালনা করছে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮জন চিকিৎসা নিয়েছে। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
আহত যাত্রী আব্দুল্লাহ জানান, চালকের অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসে ৪০ জন যাত্রী ছিলো। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যায়। বাকি সবাই কম-বেশি আহত হয়েছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির ঘটনাস্থল পরিদর্শন করে জানান, “দুর্ঘনায় ৩ জন নিহত হয়েছেন। এখনো নিহতদের পরিচয় জানা যায়নি।”
তিনি আরও বলেন, “পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”