জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ ম কামালউদ্দিন হলের খেলার মাঠ ও অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা।
এ সময় প্রশাসনের গাফিলতির প্রতিবাদে ভবনের সামনে প্রতীকী ক্রিকেট খেলে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১২টার দিকে চার দফা দাবিতে এ কর্মসূচি শুরু করেন তারা। সবশেষ তথ্যানুযায়ী দুপুর ২টা অবধি তালাবদ্ধ আছে প্রশাসনিক ভবন।
শিক্ষার্থীদের অভিযোগ, কেন্দ্রীয় লাইব্রেরির সম্প্রসারণকাজের কারণে হলের একমাত্র খেলার মাঠটি নষ্ট হয়ে যায়। কাজ শেষে মাঠটি সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও গত তিন-চার বছরেও তা বাস্তবায়ন হয়নি।
তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে—হলের চতুর্থ তলার ছাদ সংস্কার ও ১৯টি কক্ষে টাইলস স্থাপন, অভ্যন্তরীণ সংযোগ-রাস্তা নির্মাণ, দ্রুত মাঠ সংস্কার এবং হলের চারদিকে কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী পুনঃস্থাপন।
এর আগে, গত ২৭ আগস্ট দাবিগুলো বাস্তবায়নে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় হল সংসদ। এতে প্রশাসনের সমন্বয় সভাকে ‘দায়সারা ও কালক্ষেপণ’ আখ্যা দিয়ে তা বর্জন করা হয় এবং ৩ সেপ্টেম্বরের মধ্যে দাবি বাস্তবায়নের জন্য আল্টিমেটাম দেওয়া হয়।