৩ মাস ২৫ দিন পর দেশে এলো ইসরায়েলি হামলায় নিহত শুভ দাসের মরদেহ

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার শুভ দাসের মরদেহ দেশে পৌঁছেছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর তার মরদেহ নিজ গ্রাম কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুরে পৌঁছায়। এসময় স্বজনদের আজাহারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।  

শুভ দাস শ্রীপতিপুর গ্রামের দরিদ্র ভ্যানচালক সুরঞ্জন দাস ও ধানচাতাল শ্রমিক শিখা দাসের মেজো ছেলে। চার ভাই-বোনের মধ্যে শুভকে নিয়েই সবচেয়ে বেশি স্বপ্ন ছিল পরিবারটির।

গত ১২ মে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলায় ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে  নিহত হন শুভ দাসসহ শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদ। এদের প্রত্যেকেরই দেশের বাড়ি সাতক্ষীরা জেলায়। 

গত ২৭ জুন নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদের মরদেহ দেশে আসে। তবে প্রশাসনিক জটিলতায় শুভ দাসের মরদেহ আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে দীর্ঘ তিন মাস ২৫ দিন পর তার মরদেহ নিজ মাতৃভূমিতে পৌঁছুলো।

তার স্বজনরা জানায়, প্রায় তিন বছর আগে পরিবারের অভাব-অনটন দূর করতে জমি ও গবাদিপশু বিক্রি এবং ধারদেনা করে শুভকে লেবাননে পাঠায় তার পরিবার। বাবার ভ্যান চালানোর টানাপোড়েনের সংসার আর মায়ের ধানচাতালের হাড়ভাঙা খাটুনি থেকে মুক্তি দেওয়াই ছিল শুভর একমাত্র লক্ষ্য। কিন্তু ভাগ্য বদলের সেই স্বপ্ন তছনছ করে দেয় ইসরায়েলের ড্রোন হামলা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় অফিসের কাউন্সিলর মইন উদ্দীন জানান, শনিবার রাতেই সরকারের পক্ষ থেকে ৮৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। এ মাসে আরও ৩ লাখ ও কয়েকমাস পর জীবন বীমার আরও ১০ লক্ষ টাকা অনুদান পাবে শুভর পরিবার।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, “শুভর পরিবারকে মরদেহ বহনের জন্য ৩৫ হাজার টাকা এবং যুদ্ধে মারা যাওয়ার কারণে ৫০ হাজার টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে।