সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে এক বিক্ষোভ ও ঐক্যবদ্ধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ সতর্ক করে দিয়ে বলেছেন, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারকে রুদ্ধ করতেই দুজন সাংবাদিকের ওপর এ ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। ঘটনাটি শুধু সাংবাদিকদের ওপর আক্রমণ নয়, বরং গোটা সিলেটবাসীর সেবা পাওয়ার ন্যায্য অধিকারের ওপর চরম আঘাত।
ওসমানী হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্ন চিকিৎসকদের হাতে হামলায় গুরুতর আহত হন সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদার। এর প্রতিবাদে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটের সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় রাজনীতিবিদ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সংহতি জানিয়ে অংশ নেন।
সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, ওসমানী হাসপাতাল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি সিলেটবাসীর সম্পদ। অতীতে চিকিৎসকদের আন্দোলন-সংগ্রামেও সাংবাদিকরা পাশে থেকে সংবাদ প্রকাশ করেছিলেন, কিন্তু তার প্রতিদান দেওয়া হয়েছে সাংবাদিকদের রক্তাক্ত করে। রোগীদের জিম্মি করে চিকিৎসাসেবা ব্যাহত করা এবং ইন্টার্ন চিকিৎসকদের একাংশের মাধ্যমে রোগীদের স্বজনদের হেনস্তা ও মারধরের ঘটনা নিত্যদিনের বিষয়ে পরিণত হয়েছে। এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ কোনোভাবেই বরদাশত করা হবে না।
হামলার ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ। তারা বলেন, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় না আনা পর্যন্ত সাধারণ মানুষের আস্থার জায়গা ক্ষতিগ্রস্ত হতে থাকবে। কোনো আপসকামিতা নয়, সাংবাদিকদের মর্যাদা রক্ষা ও রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত বৈঠকের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে।
সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, গুলজার আহমদ হেলাল, ইমজা সভাপতি মো. মাহবুবুর রহমান রিপন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবির লিটন ও অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ রনি প্রমুখ।
সমাবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেসক্লাব, দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, সিলেট কল্যাণ সংস্থা এবং গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সংহতি প্রকাশ করে অংশ নেয়।



