ঝিনাইদহে মাদ্রাসার ৩ শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন মাদ্রাসা শিক্ষার্থীকে  ধারাবাহিকভাবে ধর্ষণের ঘটনায় আবুল বাশার (৩৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা কোটচাঁদপুর থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল বাশার কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামের বাসিন্দা। কোটচাঁদপুর পৌরসভার দুধসর এলাকায় দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি। ভুক্তভোগী তিন শিক্ষার্থী ওই মাদ্রাসার আবাসিক ছাত্র।

মাদ্রাসা শিক্ষকের কক্ষ থেকে যৌন উত্তেজক হারবাল ওষুধ উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “গত কয়েক দিনে ধারাবাহিকভাবে মাদ্রাসার তিন শিক্ষার্থীকে ধর্ষণ করেন মাদ্রাসাটির প্রধান শিক্ষক আবুল বাশার।   সোমবার এক শিক্ষার্থীর দাদা মাদ্রাসায় এলে তার কাছে ভুক্তভোগী একজন ঘটনা জানান। দাদা বাড়ি ফিরে গিয়ে পরিবারকে বিষয়টি জানালে তারা ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার পরে মাদ্রাসায় এসে ওই শিক্ষকের ওপর চড়াও হন। খবর পেয়ে পুলিশ সন্ধ্যার পরে মাদ্রাসা থেকে ওই শিক্ষককে আটক করে। রাতে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করেছেন। পুলিশ শিক্ষকের কক্ষ থেকে যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করেছে।”

তিনি বলেন, “গ্রেপ্তার আবুল বাশারকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবুল বাশারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।