কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে বিদিশার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে বিকেল সোয়া পাঁচটার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরদিন আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা এই মামলায় গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। এর পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড তা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ের দিন আদালতে অনুপস্থিত থাকায় বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানাও জারি করা হয়েছিল।

নিম্ন আদালতের এই দণ্ডাদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন বিদিশা এবং একইসঙ্গে জামিনের আবেদন করেন। শুনানি শেষে গত সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির তার জামিন আবেদন নাকচ করে দিয়েছিলেন।