শামা ওবায়েদ: মক্কা প্যাক্টে যোগ দেওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘‘এটি একটি প্রতিরক্ষামূলক সাময়িক জোট। বাংলাদেশ এতে যাবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’’ 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ‘‘ভবিষ্যতে কোনো নতুন ফোরাম বা গ্রুপে যুক্ত হওয়ার আগে বাংলাদেশ সরকার দেশের পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। ওই জোট বা ফোরাম দেশের মানুষের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কি না এবং এতে বাংলাদেশের কোনো উপকার হবে কি না, তা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’’ 

শামা ওবায়েদ আরও বলেন, ‘‘সেই সময় হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কথা বলবে।’’ 

মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির সহ শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, সহ গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।