নোয়াখালী সদর উপজেলায় নয় বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রাইভেট শিক্ষক মাওলানা মোবারক হোসেন এমরানের (৪৫) বিরুদ্ধে। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দেন, পরে পুলিশে সোপর্দ করা হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত এমরান একই ইউনিয়নের বাসিন্দা এবং ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ায় শিশুটিকে তার বাবা-মা বকাঝকা করতেন। পরে শারীরিক পরিবর্তন লক্ষ করে সোমবার তাকে সুধারাম থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশুটি জানায়, গত পাঁচ-ছয় মাস ধরে বিভিন্ন সময়ে ওই মাদ্রাসা শিক্ষক তার ওপর নির্যাতন চালিয়েছেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এমরানকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে এবং রাত সোয়া ৯টার দিকে চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষক নিজের বাসায় ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। পরিবারের অভিযোগ, সেখানেই তিনি শিশুটিকে ধর্ষণ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।