বৃহস্পতিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

রাজধানীর বিভিন্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহজাহানপুর রেল ক্রসিং অংশে রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য আগামী ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও তৎসংলগ্ন এলাকায় আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির সব গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

পাশাপাশি আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।