স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্থানীয় সরকার নির্বাচনের নির্দেশনা ও পুলিশের নির্বাচনী দায়িত্ব নিয়ে কথা বলেছেন। 

তিনি বলেছেন, ‘‘স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সব পক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।’’ 

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে ‘নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

সিইসি বলেন, ‘‘নির্বাচন কমিশন থেকে নির্বাচনের সময় কোনো বেআইনি নির্দেশনা যাবে না। একদম গ্যারান্টি দিতে পারি, আমরা কোনো বেআইনি নির্দেশনা দেবো না। পুলিশও একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য কাজ করার ওয়াদা করেছে।’’ 

তিনি আরও বলেন, ‘‘একটি সুন্দর নির্বাচন আয়োজন করা যেমন নির্বাচন কমিশনের সাংবিধানিক ও আইনি দায়িত্ব, তেমনি পুলিশ বাহিনীরও সাংবিধানিক ও আইনি দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনকে সহযোগিতার পাশাপাশি একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করা।’’ 

৫ আগস্টের পর লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার না হওয়া এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক। 
এসময় উত্তরে সিইসি বলেন, ‘‘ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় যে অবস্থা ছিল, তার চেয়ে এখন পরিস্থিতি খারাপ নয়। বরং আরও উন্নতি হয়েছে। পুলিশের ওপর আমার আস্থা আছে। তারা যদি তাদের প্রতিশ্রুতি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ থাকে, তাহলে তারা পারবে। তারা পারবে- এটা তারা প্রমাণ করেছে।’’ 

এসময় তিনি আবারও বলেন, ‘আমরা কোনো বেআইনি নির্দেশনা দেবো না।’

দলীয় সরকারের অধীনে পুলিশ চাপমুক্তভাবে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করতে পারবে কি না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ‘‘এটা দলীয় সরকার, কিন্তু গণতান্ত্রিক সরকার। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার জন্য পুলিশ বাহিনীর পক্ষ থেকে ইতিবাচক যত পদক্ষেপ নেওয়া দরকার, সেগুলোর সবই আমরা নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী নেবো।’’