আগামী ২১ জানুয়ারি স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।
এ পরিকল্পনা ধরে প্রস্তুতি শুরু হওয়ার তথ্য দিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
রবিবার (৮ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “প্রথম ধাপে কমবেশি ১ হাজার ৫০টি ইউপিতে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি।মেয়াদোত্তীর্ণ হওয়ায় ভোটের উপযোগী হয়েছে অনেক ইউপি; এটা বিবেচনায় নিয়ে প্রথম ধাপ কমপ্লিট করছি।”
সার্বিক বিষয় বিবেচনা করে ধাপে ধাপে তালিকা চূড়ান্ত হবে। সাড়ে চার হাজারের সিংহভাগই প্রথম দুই ধাপে শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানান ইসি।
ইসি সচিব বলেন, “প্রথম ও দ্বিতীয় ধাপে বেশির ভাগ ইউপির ভোট শেষ করতে চাই। তৃতীয়, চতুর্থ ও চতুর্থ ধাপে এ সংখ্যা কমবে।”
নির্বাচন কমিশন থেকে জানা যায়, ভোটকে সামনে রেখে নির্বাচনী সামগ্রীর প্রস্তুতি চলছে, যথাসময়ে সব প্রস্তুত রাখা হবে। ভোটার তালিকা চূড়ান্ত করার পাশাপাশি তিন ধরনের ব্যালট পেপার ছাপানোর বিষয়ে প্রস্তুতিত রাখা হয়েছে।



