তিন দিন ধরে নিখোঁজ কৃষক, পরিত্যক্ত পুকুরে মিললো মরদেহ

ময়মনসিংহের ভালুকায় তিন দিন নিখোঁজ থাকার পর আব্দুল মালেক (৫৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের গতিয়ার বাজার এলাকায় ঝোপঝাড়ে ঘেরা একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মালেক ওই এলাকার বাসিন্দা।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোর ছয়টার দিকে বাড়ির পাশে তালগাছের নিচে তাল কুড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আব্দুল মালেক। এরপর আর তার কোনো খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালিয়েও তাকে খুঁজে পাননি।

বুধবার সকালে পরিবারের সদস্যরা ফের তার খোঁজে বের হন। এক পর্যায়ে ছেলে সুজন পরিত্যক্ত পুকুরের পানিতে বাবার মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাতিজা মো. আকরাম হোসেন বলেন, “সকালে চাচার মরদেহ পুকুরে ভাসতে দেখার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।“

ভালুকা মডেল থানার উপপরিদর্শক মো. ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।