রাজধানীতে দেয়াল ধসে চাপা পড়েছেন ৫ জন, নিহত ১

রাজধানীর শাহ আলীর বক্সনগরে পুরোনো একটি ভবন থেকে ইট ও সুরকি খুলে নেওয়ার সময় পাশের ভবনের বাউন্ডারি দেয়াল ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শাহ আলী থানাধীন ৫৪ নম্বর বক্সনগর রোডের গ্রামীণ টেলিকম ভবনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম (৫৩) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে শাহ আলীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বক্সনগরের একটি পুরোনো ভবনের ইট ও সুরকি পাঁচজনের কাছে বিক্রি করেন ভবনটির মালিক মকবুল হোসেন। পরে ওই পাঁচজন ভবনটি থেকে ইট খুলে নেওয়ার কাজ শুরু করেন। এ সময় পাশের গ্রামীণ টেলিকম ভবনের বাউন্ডারি দেয়ালের একটি অংশ হঠাৎ ধসে তাদের ওপর পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে তিনজনকে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে এবং দুজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।

জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন মো. রমজান (৪০), সিরাজুল ইসলাম (৮২), মো. এমদাদুল (৩৫) ও আবুল কাশেম (৬০)। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, “বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের বাউন্ডারি দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এতে জসিম নামে একজন আহত হন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিন থেকে চারজন আহত হয়েছেন।“