বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
বুধবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেন তিনি বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ওই প্রতিবেদনে তার পদত্যাগপত্রটি রয়টার্সের হাতে আসার বিষয়টিও জানানো হয়েছে।
২০২৪ সালে পাঁচ বছরের জন্য পরিচালক পদটির দায়িত্ব নেন পুতুল।
এর আগে, মার্চে তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে জুলাইয়ে প্রথমদিকে তদন্তের মুখে তাকে ছুটিতে পাঠায় সংস্থাটি।
রয়টার্স বলছে, গত ৩ জুলাই, ২০২৬-এর একটি চিঠি তাদের হাতে এসেছে। ওই চিঠিতে পুতুলের বিরুদ্ধে চীন সফরে আর্থিক জালিয়াতি এবং নিজের শিক্ষাগত যোগ্যতার মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
দুদকের মামলা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসব অভিযোগ অস্বীকার করে পুতুল আইনজীবীদের মাধ্যমে দেওয়া পদত্যাগপত্রে জানান, নিয়মিত ভ্রমণ খরচ ফেরত পাওয়ার আবেদনপ্রক্রিয়ায় একজন সহকারীর প্রশাসনিক ভুলের কারণে বিষয়টি ঘটেছে। অর্থের পরিমাণ ছিল ৯০১ ডলার।
এছাড়া, যোগ্যতা নিয়ে ওই চিঠিতে পুতুল জানান, বাংলাদেশে অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পান। বিষয়টি শুরু থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পরিষ্কারভাবে জানিয়েছিলেন, বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি।
পদত্যাগপত্রে পুতুল উল্লেখ করেন, বাংলাদেশে একটি প্লট অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগ করেছে ডব্লিউএইচও। এটি অস্বীকার করে তিনি তার পদত্যাগপত্রে লিখেছেন, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি পেয়েছিলেন।
বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় তিনি জমিটি পাওয়ার অধিকারী বলেও জানান।
পদত্যাগপত্রে পুতুল আরও লিখেছেন, “আমি আমার অঞ্চলের দেশগুলোর সেবা করার জন্য আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হয়েছিলাম এবং আমি আন্তরিকভাবেই তা করেছি। যেহেতু আপনি আমাকে আমার দায়িত্ব কার্যকরভাবে পালন করতে বাধা দিচ্ছেন, তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আপনার নেতৃত্বের ওপর থেকে আমার সব ধরনের আস্থা ও বিশ্বাস উঠে গেছে।”
জানা গেছে, আগামী ১২ অক্টোবর এই পদের জন্য মনোনয়ন আহ্বান করবে সংস্থাটি, ডিসেম্বরে আবেদনপত্র যাচাই-বাছাই করবে এবং ২৪ জানুয়ারি নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।