ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের মুম্বাই থেকে আসা একটি ফ্লাইটের সাত যাত্রীর ব্যাগে মিলেছে সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ। যার বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ৭০ হাজার টাকা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মদগুলো জব্দ করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ সেপ্টেম্বর সকালে আসা ওই যাত্রীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় একে একে ধরা পড়েন।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার এআই ২১৮৩ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি করা হয়। ওই ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে বিদেশি মদ থাকার তথ্য পাওয়া যায়।
ফ্লাইটটি গত মঙ্গলবার পৌনে ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ সংগ্রহের পর গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় সন্দেহভাজন যাত্রীদের ওপর নজর রাখেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। পরে একে একে তাদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় সাত যাত্রীর ব্যাগ থেকে বিদেশি মদ পাওয়া যায়।
তল্লাশিতে আজমুল হকের ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভুইয়ার ব্যাগ থেকে ৭ লিটার, ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার, বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার, নাফিজ সাবাতের ব্যাগ থেকে সাড়ে ৩ লিটার, আল আমীন শেখের ব্যাগ থেকে সাড়ে ৩.৫ লিটার এবং সাদ্দাম হোসাইনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ পাওয়া যায়। সব মিলিয়ে সাত যাত্রীর কাছ থেকে ৩৮.৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। এসব মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।