ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফোনে লুডু খেলা নিয়ে হাতাহাতি ও মারধরে রফিক মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ববর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিক ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত লোকমান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিশ্চিন্তপুর গ্রামের শহিদ মাস্টারের বাগানবাড়িতে বসে সালমান ও বশির নামের দুই যুবক ফোনে লুডু খেলছিলেন। রফিক মিয়া সেখানে গিয়ে তাদের খেলা দেখা শুরু করেন। রফিক হঠাৎ বলে ওঠেন, তাদের চাল ভুল হচ্ছে। এ কথা শুনে সালমান ও বশির উত্তেজিত হয়ে যান। তারা খেলা নিয়ে রফিককে কথা বলতে নিষেধ করেন। একপর্যায়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। স্থানীয় মাহফুজ মিয়া ও ধলু মিয়া এগিয়ে গিয়ে তাদের শান্ত করেন। কিন্তু পাঁচ মিনিট পরই সালমান ক্ষিপ্ত হয়ে রফিক মিয়ার গলা চেপে ধরেন। একপর্যায়ে শ্বাসরোধের পাশাপাশি কিলঘুষি মারার কারণে রফিক মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রফিককে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রফিকের চাচাতো ভাই জিলু মিয়া বলেন, “বশির ও সালমান মুঠোফোনে লুডু খেলছিল। খেলা চলাকালে রফিক তাদের ভুল ধরিয়ে দেয়। এ নিয়েই উত্তেজিত হয়ে তারা রফিককে মারধর করে। এরপরই সে মারা যায়।”
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে তর্কের জেরে এক যুবক নিহত হয়েছেন বলে আমরা জেনেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি, তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ”