বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে বরগুনার তালতলী উপজেলায় একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পর ট্রলারে থাকা ১৪ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বরগুনার তালতলী উপজেলার নিদ্রার চর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সাগর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটির মালিক তালতলীর জাফর মাঝি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ১৪ জেলেকে নিয়ে তালতলী থেকে মাছ ধরতে সাগরে যায় ট্রলারটি। বৃহস্পতিবার মাছ শিকার শেষে তালতলীতে ফেরার পথে সাগর উত্তাল থাকায় নিদ্রার চর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সাগর মোহনায় একটি ডুবোচরে ট্রলারটির তলা আটকে যায়।
পরে একপর্যায়ে ট্রলারটি উল্টে সাগরে ডুবে যায়। আশপাশের ট্রলারের জেলেরা বিষয়টি জানতে পেরে ট্রলারটির মালিককে খবর দেন। পরে উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু হয়।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, “ট্রলারডুবির ঘটনায় ১৪ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হয়।”