নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদ ও মঈন খান, প্রজ্ঞাপন জারি

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে যেসব মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত নেই, সেসব দপ্তরের সংসদ-সংক্রান্ত কার্যাবলি পরিচালনার জন্য বিকল্প দায়িত্ব নির্ধারণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংসদ অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদ-সংক্রান্ত কার্যাবলি সম্পাদন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে এসব দায়িত্ব পালন করবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তার অনুপস্থিতিতে বিকল্প দায়িত্ব পালন করবেন শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যদিকে, রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সংসদ-সংক্রান্ত কার্যাবলির দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে।

ড. আবদুল মঈন খানের অনুপস্থিতিতে এসব দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৭ মার্চ, ৬ এপ্রিল, ১৬ জুলাই ও ২৩ আগস্ট জারি করা প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।