কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এভার গ্রিন নামে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গেছে। এতে অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের কুড়েরপার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, কক্সবাজার বাস টার্মিনাল থেকে ২৫ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে মহাসড়কের চান্দিনা কুড়েরপার এলাকার একটি ব্রিকফিল্ডের সামনে পৌঁছালে দ্রুতগতির বাসটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশের খাদে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
বাসের যাত্রী আব্দুর রহমান জানান, “কক্সবাজার থেকে ছাড়ার পর চট্টগ্রাম অংশেই সাতকানিয়া এলাকায় বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে চান্দিনা পৌঁছালে গাড়িটির ব্রেক আবারও অকার্যকর হয়ে পড়ে, যার ফলে চালক আর গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফলে বাসটি খাদে পড়ে অন্তত ৮ জন যাত্রী আহত হন।”
বাসের সুপারভাইজার মাশরাফি জানান, সাতকানিয়া এলাকায় বাসের একটি চাকা পাংচার হয়েছিল। সেখানে চাকা পরিবর্তন করার পর যাত্রা শুরু করলেও কুড়েরপার এলাকায় এসে হঠাৎ ব্রেক ফেল করায় দুর্ঘটনা ঘটে। বাসে যাত্রী ছিলেন ২৫ জন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।