চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে পরে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক চা-দোকানির বিরুদ্ধে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে এলাকাবাসীর গণপিটুনির শিকার হওয়ার পর অভিযুক্ত মোবারক হোসেন সরদারকে (৫২) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে কৌশলে কিশোরীকে নিজের বসতঘরে ডেকে নেন মোবারক। সে সময় ঘরে পরিবারের অন্য কেউ ছিলেন না। সুযোগ বুঝে তিনি কিশোরীকে ধর্ষণ করেন এবং ঘটনার ভিডিও ধারণ করেন নিজের মোবাইলে। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য কিশোরীকে হুমকিও দেন। কিন্তু কয়েক দিন আগে সেই ভিডিও ছড়িয়ে দেন মোবারক নিজেই, যার পর ঘটনাটি জানাজানি হয়ে যায়।
ঘটনার পর গত বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে বসে সালিস। সেখানে মোবারক নিজে উপস্থিত না থাকলেও তার পক্ষের কয়েকজন যোগ দেন। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিস ভেঙে যায়।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে মোবারক আবারও কিশোরী ও তার পরিবারকে হুমকি দেন এবং তাদের “দেখে নেওয়ার” হুঁশিয়ারি দেন। খবর পেয়ে আশপাশের মানুষ জড়ো হয়ে তাকে গণপিটুনি দেন এবং পুলিশে খবর দেন।
পরে পুলিশ গিয়ে আহত মোবারককে উদ্ধার করে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযোগ করে জানান, এই ঘটনায় তার মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নঈমুল ইসলাম রাজিব জানান, গণপিটুনিতে আহত মোবারকের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, “মোবারককে এলাকা থেকে আটক করা হয়েছে এবং কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”