চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের আমজুরহাট এলাকার শাহ মালেকিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার রবিউল হাসানের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ফৈজানিরপাড়া এলাকায়। তিনি আমজুরহাট এলাকার শাহ মালেকিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ও ৩০ আগস্ট ভোররাত আনুমানিক ৪টার দিকে আমজুরহাট বাজারসংলগ্ন এম আর টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত ওই মাদ্রাসায় শিশুটির সঙ্গে বলাৎকারের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে শিশুটিকে ফের বলাৎকারের চেষ্টা করা হলে বিষয়টি জানতে পেরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে একদল পুলিশ মাদ্রাসায় গিয়ে অভিযান চালায় এবং অভিযুক্ত শিক্ষক রবিউল হাসানকে গ্রেপ্তার করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ঘটনার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।



