ব্যাংকে টাকা গোনার সময় কৌশলে ৪ লাখ চুরি,গ্রেপ্তার ১

কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের শাখায় ঢুকে কৌশলে এক গ্রাহকের চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেবিদ্বার থানার পরিদর্শক ইমাম হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বিপ্লব হোসেন, বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে এক লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের জাকির হোসেন জরুরি প্রয়োজনে ব্র্যাক ব্যাংক থেকে সাত লাখ টাকা ঋণ নিয়েছিলেন। গত ৬ সেপ্টেম্বর বিকেলে সেই টাকা পূবালী ব্যাংকের দেবিদ্বার শাখা থেকে তুলে তিনি দুই নারী স্বজনসহ ব্যাংকের সোফায় বসে গুনছিলেন। ঠিক তখনই চোরচক্রের সদস্যরা কৌশলে চার লাখ টাকা নিয়ে সটকে পড়ে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ পরে অনলাইনে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষের পরামর্শে ভুক্তভোগী জাকির হোসেন দেবিদ্বার থানায় মামলা করেন। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তা নিয়ে আসামির অবস্থান শনাক্ত করে এবং শুক্রবার ভোরে ঝিনাইদহে অভিযান চালিয়ে বিপ্লবকে ধরে ফেলে।

টাকা উদ্ধারের খবরে স্বস্তি প্রকাশ করে ভুক্তভোগী জাকির হোসেন জানান, জরুরি প্রয়োজনে কিস্তিতে নেওয়া ঋণের টাকার একটি বড় অংশ খোয়া গিয়েছিল। পুলিশ এক লাখ ৬১ হাজার টাকাসহ চোরকে গ্রেপ্তার করায় বাকি টাকাও উদ্ধার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘটনার পরপরই আসামি শনাক্ত ও টাকা উদ্ধারে মাঠে নামে পুলিশ। ভিডিও ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঝিনাইদহ থেকে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাকে কুমিল্লা আদালতে পাঠানো হবে।