খুলনার দৌলতপুর থানার মোড়ে আব্দুল জলিল (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কুলি বাগান থানার মোড়ে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ দেখতে পায় পুলিশের সদস্যরা।
পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জাহিদুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেছেন।
মাদকসংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে জানিয়ে তিনি বলেন, “২/৩ দিন আগে থেকে রাসেল নামে এক যুবক জলিলের কাছে টাকা চাচ্ছিল। ১২ সেপ্টেম্বর সকালেও রাসেল ফোন করে জলিলের কাছে টাকা চায়। তখন জলিল তাকে কুলি বাগান আসতে বলে। জলিলও একজনকে সঙ্গে নিয়ে কুলি বাগান যায়।”
“এরপর রাসেল একটি মোটরসাইকেলে ৩ জনকে নিয়ে কুলি বাগান আসে। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল অস্ত্র বের করে জলিলকে গুলি করে। এরপর ঘটনাস্থলের কাছে থাকা পুলিশ তাদের ধাওয়া করে। কিন্তু সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে জলিলকে হাসপাতালে নেওয়া হয়।”
সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।