বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, শেখ হাসিনা সরকারের আমলে ক্ষমতা ধরে রাখতে গুম-খুনের ঘটনা ঘটেছে। তার ভাষ্যমতে, ১৭ বছর ধরে গুম-খুন চালানো হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ফেনীর ফরহাদনগর ইউনিয়নে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা মো. হারুনুর রশিদের পরিবারের জন্য নির্মিত নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “কারো লাশ খালের ধারে, কারো লাশ নদীর ধারে পাওয়া গেছে শেখ হাসিনার আমলে। নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে কাউকে হত্যা করতে দ্বিধাবোধ করেনি শেখ হাসিনা। ১৭টি বছর শেখ হাসিনা গুম-খুন চালিয়েছে।”
২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে পুলিশের গুলিতে নিহত হন ফরহাদনগর ইউনিয়ন যুবদলের তৎকালীন সহ-সভাপতি হারুনুর রশিদ।
তার মৃত্যুর পর স্ত্রী বিবি জোহরা, মেয়ে মাজেদা আক্তার ও ছেলে তৌহিদুল ইসলামকে নিয়ে পরিবারটি দীর্ঘদিন নানা সংকটের মধ্যে জীবনযাপন করে।
দক্ষিণ ফরহাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন রুহুল কবির রিজভী। ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগ ও নির্দেশনায় ফরহাদনগর ইউনিয়নের জগৎজীবনপুরে বাড়িটি নির্মাণ করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতারা হারুনুর রশিদের রাজনৈতিক ভূমিকা স্মরণ করেন। তারা তার পরিবারের পাশে থাকার কথাও জানান।
চাবি হস্তান্তরের পর হারুনুর রশিদের কবর জিয়ারত করেন রুহুল কবির রিজভী। পরে নতুন বাড়ির নামফলক উদ্বোধন করা হয়।