সাতক্ষীরা বাটকেখালিতে পুকুরের পানিতে ডুবে একই এলাকার দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হলো বাটকেখালি এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও চতুর্থ শ্রেণির ছাত্রী হাবিবা (১০) এবং সাদ্দাম হোসেনের ছেলে ও তৃতীয় শ্রেণির ছাত্র লাবিব (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে হাবিবা ও লাবিব একসঙ্গে এলাকার একটি পুকুরে গোসল করতে যায়। বেলা গড়ালেও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে দুপুর ১টার দিকে পুকুরে গোসল করতে যান স্থানীয় এক ব্যক্তি। পুকুরঘাটে দুই জোড়া স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিক পানিতে নেমে তল্লাশি চালিয়ে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মর্মান্তিক এ ঘটনায় শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”