হাম উপসর্গে নতুন করে আরও ৬ জনের মৃত্যু, মোট মৃত্যু ১,০৩৬

হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,৩১৬ শিশু। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৩৬ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ১০০ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১,০৩৬ শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৭৭ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১,২৩৯। এ সময়ে ১,১৬২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৮৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,৭৩,৯৫৯, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০,২০১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১,৫৩,২৭৯ রোগী, যাদের মধ্যে ১,৪৭,৩৮৬ রোগী ছাড়পত্র পেয়ে এরইমধ্যে বাড়ি ফিরেছে।