ঢাকার সাভারে বংশী নদীতে পড়ে সোহানা আক্তার (১১) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নদীতে তলিয়ে যাওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লায় বংশী নদীর পাড় থেকে সোহানার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোহানা আক্তার বক্তারপুর মহল্লার বাসিন্দা। সে স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, বক্তারপুর মহল্লায় বংশী নদীর পাশেই সোহানাদের বাড়ি। সোমবার দুপুরের দিকে সোহানা নদীর পাড়ে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে নদীতে পড়ে যেতে দেখে উদ্ধারের চেষ্টা করেন। তবে এর মধ্যেই সে পানিতে তলিয়ে যায়। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি দল এবং ঢাকার হেড অফিস থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে সন্ধ্যা ৭টার দিকে নদী থেকে সোহানাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাসিবুর হাসান জানান, বিকেল ৪টার দিকে বক্তারপুর মহল্লায় এক স্কুলছাত্রী বংশী নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়া যায়। পরে সাভার ফায়ার সার্ভিসের সদস্যরা এবং ঢাকার হেড অফিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যায় ওই স্কুলছাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।



