গাজীপুরের কালীগঞ্জে এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, আপত্তিকর ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় জাহিদ মুন্সি (২৬) নামে ওই নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযোগ ওঠার পর তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলাটি করেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রায় তিন-চার মাস আগে কালীগঞ্জের একটি শপিং কমপ্লেক্সে জাহিদ মুন্সির দোকানে ঘড়ি কিনতে গেলে তাদের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, একপর্যায়ে বিয়ের কথা বলে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন জাহিদ। তিনি রাজি না হলে প্রযুক্তির মাধ্যমে তার মুখমণ্ডল অশ্লীল ছবির সঙ্গে যুক্ত করে ভয় দেখানো হয়।
এজাহারে আরও বলা হয়, এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে জাহিদ ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন। ভুক্তভোগী তাকে বিয়ের জন্য চাপ দিলেও তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কলেজে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে গাজীপুর মহানগরীর পূবাইলের মিরের বাজার এলাকার একটি গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে একই দিন বিকেলে তাকে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের অনার্স ভবনের পেছনে আড়িখোলা রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারে নেওয়া হয়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে হুমকি দেওয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারের সদস্যরা জাহিদের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন, তিনি আগে একাধিক বিয়ে করেছেন এবং তার একটি সন্তান রয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, এসব তথ্য গোপন রেখে বিভিন্ন কৌশলে ওই শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল করা হয়েছে।
এদিকে অভিযোগের পর জাহিদ মুন্সির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে এনসিপি। তিনি দলটির কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্বে ছিলেন। দলীয় নোটিশে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে সাময়িক অব্যাহতির কথা জানানো হয়েছে।
এনসিপির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এম এম শোয়াইব বলেন, “গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী জাহিদের বিরুদ্ধে কেন চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে দুই কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির কাছে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা দিতে বলা হয়েছে।“



