রাজধানীর বায়তুল মোকাররমের পূর্ব গেট প্রাঙ্গণে দেশি-বিদেশি মোট ১৪২টি প্রকাশনীর স্টল নিয়ে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৬।
পবিত্র রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে প্রতিবছর আয়োজিত এই বইমেলায় এবার রয়েছে বিশেষ সীরাত এক্সিবিশন, শিশু কর্নার, ফিমেল কর্নার, মিডিয়া কর্নার, ম্যাগাজিন ও লেখক কর্নারসহ আধুনিক সব ফিচার।
ইসলামি সাহিত্য, উপন্যাস, প্রবন্ধ, তাফসির, হাদিস, ফিকহ, সীরাত, ইতিহাসসহ বিভিন্ন বিষয় ও বিভিন্ন ঘরানার ইসলামি বইয়ের সাথে এবার মেলায় থাকছে মিশর, লেবানন, সৌদি আরব, পাকিস্তান ও ভারতের বিভিন্ন প্রকাশনীর আরবি, উর্দু ও ইংরেজি ভাষার বই।
শিশু-কিশোরদের বইয়ের প্রতি উৎসাহিত করতে থাকছে খেলাধুলার সামগ্রীসহ সজ্জিত আলাদা বইয়ের স্টল ও নানামুখী সব আয়োজন।
১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মেলার কার্যক্রম শুরু হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১২ সেপ্টেম্বর। বইমেলা চলবে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাত ৮টা, এবং শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। মাসব্যাপী চলার পর মেলার সমাপ্তি হবে ১০ অক্টোবর।
আয়োজক কমিটির সদস্য মাহমুদুল হাসান তুষার বলেন, ‘‘এই বইমেলাকে আমরা নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নির্বিশেষে সবার জন্য উপযোগী করতে কাজ করছি। বাচ্চাদের জন্য থাকছে খেলাধুলার জায়গা, নারীদের জন্য আলাদা ফিমেল কর্নার, সাংবাদিকদের জন্য মিডিয়া কর্নার সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা। মেলার মধ্যে যেকোনো প্রয়োজনে পাঠক বা দর্শনার্থীদের সহায়তার জন্য উপস্থিত থাকছে আমাদের ভলান্টিয়ার টিম।’’
তিনি আরও বলেন, ‘‘এই বইমেলা শুধু বই কেনাবেচার গতানুগতিক একটা আয়োজন হোক এমনটা আমরা চাই না। আমরা আশা করি এই বইমেলা দেশের সর্বস্তরের লেখক, পাঠক, গবেষক, ও জ্ঞানপিপাসুদের বৃহত্তর মিলনমঞ্চে পরিণত হবে। ইসলামি সাহিত্যচর্চার জগৎকে বিস্তৃত পরিসরে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের আয়োজনের অন্যতম মূল লক্ষ্য।’’
বিভিন্ন স্টলের প্রকাশকদের সঙ্গে কথা বলে জানা যায়, কেবল নিয়মিত পাঠকরাই তাদের লক্ষ্য নন। বইয়ের জগতের সঙ্গে পরিচিত নন, এমন মানুষদেরও পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে মেলায় এসে নানামুখী বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
তাদের মতে, শুধু বই কেনার জন্য নয়, বরং বিভিন্ন ধরনের বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার জন্য হলেও বইমেলায় আসা উচিত।



