Monday, September 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাতকানিয়ায় পৃথক দুই ঘটনায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নে এই দুটি ঘটনা ঘটে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক দুটি ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নে এই ঘটনা দুটি ঘটে।

মৃত শিশুরা হলো, উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী পাড়া মন্নান সওদাগর বাড়ি এলাকার মো. আজাহারী (৯), পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইছামতী আলীনগর আইয়ুব মৌলবির বাড়ির মেয়ে উম্মে মানহা (৭) এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোছাম্মৎ আলিফা আকতার (২)। আজাহারী স্থানীয় একটি কওমি মাদ্রাসার হেফজখানার শিক্ষার্থী ছিল এবং উম্মে মানহা প্রথম শ্রেণিতে পড়ত।

মানহার চাচাতো বোন রিফা আকতার জানান, সোমবার দুপুর ২টার দিকে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল আজাহারী ও মানহা। এক পর্যায়ে সবার অগোচরে তারা উঠানের সামনের পুকুরে নেমে পানিতে ডুবে যায়। পরে আজাহারীর নানা গোসল করতে ওই পুকুরে নামলে মানহাকে পানিতে ভাসতে দেখেন। তাকে দ্রুত তুলে উপজেলার কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর প্রায় আধা ঘণ্টা পর একই পুকুরের তলদেশ থেকে আজাহারীকেও উদ্ধার করা হয় এবং কেরানীহাটের অন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে মৃত আলিফার চাচা মো. তারেক হোসেন সওদাগর জানান, তার দুই বছর বয়সী ভাতিজি দুপুর ১২টার দিকে বাড়ির সামনের উঠানে একটি পানির গ্লাস নিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে গ্লাসটি সামনে থাকা পুকুরে পড়ে যায়। গ্লাসটি তুলতে গিয়ে আলিফা নিজেই পুকুরে পড়ে ডুবে মারা যায়।

পৃথক এই দুই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সরওয়ার কামাল।

   

About

Popular Links

x