চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কচুয়া উপজেলার ফতেহপুর গ্রামের মোহর আলী (৬০) ও সিএনজিচালক কবির মাল। চালক কবির মাল ও আহত দুজনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের বরাতে জানা গেছে, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পথে সামনে থাকা একটি প্রাইভেট কার হঠাৎ ব্রেক করলে অটোরিকশাটি সেটিকে সজোরে ধাক্কা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সামনে গিয়ে পড়ে। এতে তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে এবং অটোরিকশার চালক ও যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার খবর পেয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন। পরে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।