‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হলো ‘না’ ভোট

জাতীয় সংসদ নির্বাচনের পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন এই সংশোধনী সংক্রান্ত প্রজ্ঞাপনে, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ স্থগিত রাখার বিষয়ে বলা হয়েছে। 

এছাড়া নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত করা হয়েছে ‘না’ প্রতীক, যা একক প্রার্থীর ক্ষেত্রে কার্যকর হবে। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮-এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করা হয়েছে। 

এতে আরও বলা হয়, সংশোধিত বিধান অনুযায়ী, স্থগিত প্রতীক ছাড়া ইসির নির্ধারিত অন্য যে কোনো প্রতীক প্রার্থিতা সাপেক্ষে বরাদ্দ দেওয়া যাবে। 

কমিশনের তৈরি তালিকার প্রতীকের পাশপাশি ‘নৌকা’ প্রতীকের পাশে ‘স্থগিত’ শব্দটি উল্লেখ করা হয়েছে।