প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে কাজ করবেন তিনি।
নিয়োগের শর্তে বলা হয়েছে, গিয়াস উদ্দিনকে অন্য কোনো পেশা, ব্যবসা, কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সব ধরনের কর্ম-সম্পর্ক ছাড়তে হবে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত, অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে এ দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে, তত দিন তিনি এ পদে বহাল থাকবেন।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।



