রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে আটটার দিকে সাদেক খান রোডে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তির নাম মো. হৃদয় মিয়া (২৫)। পেশায় মুদি ব্যবসায়ী ওই ব্যক্তি রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন।
জানা গেছে, ব্যবসার জন্য প্রয়োজনীয় মালামাল কিনতে মোটরসাইকেল চালিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে যাচ্ছিলেন ভুক্তভোগী ওই ব্যক্তি।
এসময় সাদেক খান রোড এলাকায় পৌঁছুলে অন্তত পাঁচজন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে চাপাতি দিয়ে পিঠ ও কোমরে কুপিয়ে তার কাছ থেকে মোটরসাইকেল ও ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে খবর পেয়ে গুরুতর অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহত ব্যবসায়ী ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন।