খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত ১০ হাজার ছাড়ালো

খুলনা বিভাগে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১০,১১৯ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু ও হাম উপসর্গে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত পৃথক দুটি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০টি জেলায় নতুন করে ১০৪ জন হাম উপসর্গের রোগী শনাক্ত হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৭৯ জন হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বিভাগে হাম উপসর্গের ১১,৬৪২ জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১১,১৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১০,৭২২ জন। ল্যাব পরীক্ষায় ৩৭৩ জনের হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত হাম উপসর্গে ৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ২২ জন, কুষ্টিয়ায় ১৩ জন, ঝিনাইদহে পাঁচজন এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৮৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৪ জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ১,১২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শুধু খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন আছেন ৬৮০ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০,১১৯ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮,৭৭৫ জন। ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৫ জনের।

ডেঙ্গুতে খুলনা জেলায় নয়জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন সর্বোচ্চ ২০ জন। এর মধ্যে খুলনা জেলার বাসিন্দা ১৭ জন। সব মিলিয়ে খুলনায় ডেঙ্গুতে সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বাগেরহাটে তিনজন, যশোরে দুজন ও চুয়াডাঙ্গায় একজনের মৃত্যু হয়েছে।

এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের জন্য ৩০টি হাসপাতাল বেড কেনার লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর রোববার বিকেলে নগর ভবনে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়ার সুবিধার্থে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা গত বুধবার ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

প্রধান অতিথি বলেন, “আমরা যার যার অবস্থান থেকে নিজ অফিস ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, এডিস মশা জন্মায় এমন স্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করি, তাহলে ডেঙ্গুর হাত থেকে সবাই রক্ষা পাবো।”

খুলনা ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের পরিচালক (অনুবাদ ও সংকলন বিভাগ) মো. আনিসুজ্জামান সিকদার, পরিচালক (পরিকল্পনা বিভাগ) মো. বজলুর রশিদ এবং খুলনা ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী।