ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফয়সাল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। আগামী ২৫-২৬ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্তভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। 

দলীয় সূত্র অনুযায়ী, মনোনীত প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে আসনটি হারানোর ঝুঁকি এড়াতে বিএনপি আরও একজন প্রার্থীকে মনোনয়নপত্র দাখিল করানোর সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ১৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য তিনজন মনোনয়ন ফরম জমা দেন। তারা হলেন - মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

গত শুক্রবারের বৈঠকে বিএনপির পার্লামেন্টারি বোর্ড তিন মনোনয়নপ্রত্যাশীরই সাক্ষাৎকার নেয় এবং এলাকার উন্নয়ন নিয়ে তাদের মতামত শোনে।

সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে মনোনয়নপত্র দাখিলের সময়ই দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান করা হয়েছে বলে জানা গেছে।

ফলে বাছাই কমিটি কোনো দলীয় মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করলে নতুন করে বিকল্প প্রার্থী দেওয়ার সুযোগ থাকবে না। এই ঝুঁকি এড়াতে বিএনপির হাইকমান্ড একাধিক প্রার্থীকে মনোনয়নপত্র দাখিলের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গত ২২ আগস্ট ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর।

নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে টিকে গেলে মির্জা ফয়সাল আমিন দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র। এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ সংসদ নির্বাচনেও তিনি দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, “আজকে স্থায়ী কমিটির যে বৈঠক, সেটি মূলত মনোনয়ন বোর্ডের বৈঠক। ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে। যেখানে এমপি ছিলেন আমাদের প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই আসনে নির্বাচন হচ্ছে আগামী ২৯ অক্টোবর। নির্বাচন কমিশনে মনোনয়ন ফরম জমা দিতে হবে ২৭ সেপ্টেম্বর। আমরা সাক্ষাৎকার গ্রহণ করেছি। সিদ্ধান্তটি পরে জানানো হবে।”