Saturday, September 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

হয়ে গেলো ওরাঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব

ঠাকুরগাঁওয়ে সামাজিক আয়োজনে উৎসবটি রূপ নেয় আনন্দমুখর মিলনমেলায়

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম

ঠাকুরগাঁওয়ে ওরাঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক উৎসব ‘কারাম পূজা’ সুখ-শান্তি, সমৃদ্ধি ও ভালো ফসলের প্রত্যাশায় উদযাপিত হয়েছে।

ঢাক-ঢোল, মাদল ও করতালের ছন্দে নাচ-গান, পূজা-অর্চনা এবং নানা সামাজিক আয়োজনে উৎসবটি রূপ নেয় আনন্দমুখর মিলনমেলায়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কারাম বৃক্ষের ডাল নদীতে বিসর্জন দিয়ে উৎসবের সমাপনী টানা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের পাঁচপীরডাঙ্গা ওরাঁও পাড়ায় এ উৎসবের মূল আয়োজন চলে। বৃহস্পতিবার তিন দিনব্যাপী এ উৎসব শুরু হয়।  

ওরাঁও সম্প্রদায়ের কাছে কারাম বৃক্ষ পবিত্রতা, কল্যাণ ও মঙ্গলের প্রতীক। প্রাচীনকাল থেকে বংশপরম্পরায় আশ্বিন মাসের শুরুতে এ পূজা ও সামাজিক উৎসব পালন করে আসছেন তারা। উৎসবের নিয়ম অনুযায়ী, নারী-পুরুষ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস পালন করেন। পরে নেচে-গেয়ে কারাম গাছের ডাল সংগ্রহ করে পূজার বেদিতে স্থাপন করা হয়। এরপর ধর্মীয় আচার-অনুষ্ঠান, নৃত্য, সংগীত ও লোককাহিনি পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল পর্ব।

উৎসবে নারী-পুরুষ রঙিন পোশাকে সারিবদ্ধভাবে নৃত্য পরিবেশন করেন। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে বাদ্যযন্ত্রের তালে তালে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ওরাঁও সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু, মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষও এতে অংশ নেন।

ওরাঁও সম্প্রদায়ের বিশ্বাস, কারাম পূজার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ, অতিবন্যা ও খরা থেকে মুক্তি, ভালো ফসল এবং পরিবার ও সমাজের সুখ-সমৃদ্ধি কামনা করা হয়। উৎসব উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল ও অর্থ সংগ্রহ করা হয়। এসব উপকরণ দিয়ে আত্মীয়-স্বজন ও আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী বলেন, “ওরাঁও সম্প্রদায়ের মানুষ প্রতিবছর তাদের প্রাচীন ঐতিহ্য ও বিশ্বাসের ধারাবাহিকতায় কারাম উৎসব পালন করেন। তাদের কাছে কারাম বৃক্ষ রক্ষাকবচ ও মঙ্গলের প্রতীক। ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি এ উৎসব বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থানের দৃষ্টান্ত তুলে ধরে।”

তিনি জানান, সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ঐতিহ্যবাহী উৎসব আয়োজন করা সম্ভব হবে।

ঠাকুরগাঁওয়ে ওরাঁও সম্প্রদায়ের কারাম উৎসব

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ। এ ছাড়া উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে ইলাহী মুকুট চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কারাম পূজা ও সামাজিক উৎসব ওরাঁও সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।

তিন দিনব্যাপী এ উৎসবকে কেন্দ্র করে পাঁচপীরডাঙ্গা ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ধর্মীয় আচার, নাচ-গান ও সামাজিক মিলনমেলার মধ্য দিয়ে নিজেদের ঐতিহ্য উদযাপন করেন ওরাঁও সম্প্রদায়ের মানুষ।

   

About

Popular Links

x