দেশের সব ব্যাংক ও বিকাশ-নগদ-রকেটের জন্য নতুন নির্দেশনা

আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।  বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে ওই পরিপত্রটি দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ১ অক্টোবর ২০২৬ থেকে সব বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে প্রদান করতে হবে।

একই সঙ্গে এ তারিখ থেকে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ২৪ নভেম্বর ২০২৫ তারিখের পরিপত্রে বর্ণিত নির্দেশনা বাতিল বলে গণ্য হবে।

এতে আরও বলা হয়, আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে কোনো পেমেন্ট হলে সেই অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে। 

একই সঙ্গে সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস- বিকাশ, নগদ, রকেট ইত্যাদি), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) মোবাইল অ্যাপের নির্দিষ্ট স্থানে বাংলা কিউআর পেমেন্টের আইকন দৃশ্যমান করার নির্দেশ দেওয়া হয়েছে।