দেশের বীমা খাত নিয়ে কাজ করতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খাতটির অবস্থা ব্যাংকিং ব্যবস্থার চেয়ে ‘ভালো কিছু নয়’। তিনি জানান, বীমা খাতে হাত দেওয়ার পর থেকেই সব ‘পাওয়ারফুল’ (প্রভাবশালী) লোকজন বাধা দিতে শুরু করেছেন।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বীমা ও ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী।
বীমা খাতের অনিয়মের চিত্র তুলে ধরে আমির খসরু বলেন, “ব্যাংকিং সিস্টেমটা যে জায়গায় গিয়েছে, ইনস্যুরেন্সও কিন্তু একই জায়গায় গিয়েছে। আমি যখনই ইনস্যুরেন্স সেক্টরে হাত দিলাম, দেখলাম একই অবস্থা। ইনস্যুরেন্স কোম্পানিগুলো অর্থের অপব্যবহার করেছে। তারা গ্রাহকদের দাবি (ক্লেইম) পরিশোধ করছে না, কিন্তু নিজেরা সম্পত্তি কিনছে। বিভিন্ন জায়গায় ব্যক্তিগতভাবে বিনিয়োগ করছে, আবার ইনস্যুরেন্সের টাকাও বিনিয়োগ করছে, মানে কী যে একটা অবস্থা!”
সংস্কারকাজে বাধার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এখন এখানে আমরা যখন হাত দিয়েছি, সব পাওয়ারফুল লোকজন আবার প্রতিরোধ করতে আরম্ভ করেছে। কারণ, তারা অনেক দিন ধরেই অতিরিক্ত সুবিধা নিচ্ছে। আপনি যেখানে হাত দেবেন, সেখানেই সমস্যা।”
বীমা খাতে অনিয়মের একটি উদাহরণ দিয়ে অর্থমন্ত্রী জানান, একটি আমদানি চালানের বিপরীতে ২০ লাখ টাকা প্রিমিয়াম পাওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি; অথচ বীমা সুরক্ষা ব্যবহার করে পণ্য আমদানি করা হয়েছে। তিনি বলেন, “পণ্য দেশে আসার পরও প্রিমিয়াম জমা না দেওয়ার ঘটনা ঘটছে। এতে সরকারের রাজস্ব আসছে না, বীমা কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থায় অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে।”
আমির খসরু আরও বলেন, “শুধু বীমা খাত নয়, ব্যাক-টু-ব্যাক এলসিসহ বিভিন্ন ক্ষেত্রেও তথ্যের সমন্বয় ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে। এসব সমস্যা দূর করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একই ব্যবস্থার আওতায় আনতে হবে।”
কাস্টমস ও এনবিআর নিয়ে অর্থমন্ত্রী জানান, দেশ-বিদেশের যেখানেই যান, আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত কাস্টমস এবং জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে ‘নেতিবাচক’ কথা শুনতে হয়।
পরিস্থিতি পরিবর্তনে সরকারের প্রচেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, “আমি নিজেও চেষ্টা করছি, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, গভর্নর চেষ্টা করছেন। যেকোনো প্রক্রিয়া অংশীজনদের সঙ্গে পরামর্শ করে করতে হবে। আমরা সব স্টেকহোল্ডারের সঙ্গে প্রতিনিয়ত আলোচনা করতে আগ্রহী।”
সংস্কারের জন্য ‘বেদনাদায়ক’ সিদ্ধান্ত নিতেও সরকার প্রস্তুত উল্লেখ করে আমির খসরু বলেন, “সংস্কার নিয়ে সরকার যতই জোরালো উদ্যোগ বা আগাম প্রস্তুতি নিক না কেন, অংশীজনরা এগিয়ে না এলে তা সফল হবে না। সেই বেদনাদায়ক সিদ্ধান্ত নিয়ে যদি দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং দেশের মানুষ ভালো থাকে, তবে সেটিকে রাজনৈতিক সরকারের কর্তব্য বলে মনে করি।”
দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে ‘লোকাল এলসির’ তথ্য আদান-প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’র উদ্বোধনী এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বক্তব্য দেন।



