রংপুরে নগরীতে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য ঢাকায় আনা হচ্ছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) তাদের দুইজনকে ঢাকায় সিআইডি কার্যালয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।
এর আগে, রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মহানগর পুলিশের এ মুখপাত্র।
সনাতন চক্রবর্তী বলেন, “অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় ক্রাইমসিন থেকে পাওয়া আলামত ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে। এখন ডিএনএ পরীক্ষার জন্য আসামি মুগ্ধ ও সিদ্ধার্থের নমুনা নেওয়া হবে।”
রবিবার রাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের ঢাকার উদ্দেশ্যে পাঠানোর জন্য রংপুর কারাগার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয় বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “আসামিদের নমুনার সাথে হত্যাকাণ্ডের শিকার গণপতি স্যারের পরিবারের সদস্যদের নমুনা ও অন্যান্য আলামত পরীক্ষা করা হবে। এর মাধ্যমে ঘটনাস্থলে আসামিদের উপস্থিতি বা তাদের সঙ্গে কোনো আলামতের জৈবিক সম্পর্ক ছিলো কিনা, তা যাচাই করা হবে।”