বাসে ৮-১০ পয়সা, লঞ্চে ৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

একইসঙ্গে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক জরুরি প্রেস বার্তায় সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এসব প্রস্তাব দেন।

প্রেস বার্তায় বলা হয়েছে, জ্বালানির দাম বাড়লে বাস ও লঞ্চের ভাড়া বাড়ানো স্বাভাবিক। তবে ভাড়া পুনর্নির্ধারণের আলোচনায় যাত্রীদের প্রতিনিধিদের রাখা হচ্ছে না। এক্ষেত্রে বাস ও লঞ্চ মালিকদের সঙ্গে সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো দফায় দফায় বৈঠক করছে।

সংগঠনটির অভিযোগ, জনস্বার্থে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতার পরিবর্তে লুকোচুরি করা হচ্ছে। পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং সেই বাড়তি ব্যয় সমন্বয়ে ভাড়া কত পয়সা বাড়ানো প্রয়োজন, সে বিষয়ে কোনো পরিষ্কার তথ্য দেওয়া হচ্ছে না। তাদের দাবি, আগের সরকারের সময় থেকেই জ্বালানি তেলের দাম বাড়ার সুবিধা একতরফাভাবে বাস ও লঞ্চ মালিকদের দেওয়ার চেষ্টা চলছে।

যাত্রী কল্যাণ সমিতির ভাষ্য, দেশের বৃহৎ অংশীজন যাত্রীসাধারণের প্রতিনিধিদের ভাড়া নির্ধারণের প্রক্রিয়ায় মতামত দেওয়ার সুযোগ নেই। ফলে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের প্রভাব বারবার সাধারণ যাত্রীদের ওপরই পড়ছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, জনস্বার্থে ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং ভুক্তভোগী যাত্রীদের প্রতিনিধিদেরও আলোচনায় রাখতে হবে।